স্টাফ রিপোর্টার, আব্দুল হামিদ।
ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক প্রবাসীর বসতবাড়ির জমি জোরপূর্বক দখলচেষ্টা এবং বাধা দেওয়ায় এক বৃদ্ধকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের পাইছাইল গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে নূরুন্নাহার (৩১) বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন, পাইছাইল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ১. মোঃ জয়ধর আলী (৫৮) ও ২. মোঃ কুব্বত আলী (৫০), মোঃ কুব্বত আলীর ছেলে আবু বকর সিদ্দিক (২৭), এবং একই গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে ৪. রফিকুল ইসলাম (২৬) ও ৫. রমিজুল ইসলাম (২৮)।
লিখিত অভিযোগে নূরুন্নাহার উল্লেখ করেন, বিবাদীগণ দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির সম্পত্তির পূর্বাংশ জোরপূর্বক জবরদখল করার পাঁয়তারা করে আসছিল। এতে বাধা দিলে নূরুন্নাহার ও তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেওয়া হতো। এই বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার। এরই ধারাবাহিকতায় গত ১০ জুন ২০২৬ তারিখ বিকেল অনুমান ৫.০০ ঘটিকায় অভিযোগপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নূরুন্নাহারের পিতা বৃদ্ধ মোঃ নান্নু বেপারী (৬৫) পাইছাইল জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা বিবাদীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীগণ বৃদ্ধ নান্নু বেপারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারমুখী হয়ে তেড়ে আসে। এবং দাবি করা জমি ছেড়ে না দিলে তাকেসহ পরিবারের সকল সদস্যকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
ঘটনার পর স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয় বলে বাদী জানান। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
ধামরাই থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল আলম মাসুদ
মোবাইল : 01400420172
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: নতুন দক্ষিনপাড়া, কমিশনার মোড় ধামরাই, ঢাকা-১৩৫০
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক তথ্য সন্ধান