নিজস্ব প্রতিবেদক নাজমুল আলম মাসুদ
ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ধামরাই উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে ধামরাই পৌরসভার রথখোলা এলাকা থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা আহম্মেদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন এবং ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান সহ দলটির স্থানীয় শীর্ষ নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে অদম্য সাহসিকতার সঙ্গে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন যুবদলের নেতাকর্মীরা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের ত্যাগ ও অবদান অনন্য।
নেতৃবৃন্দ আরও বলেন, আগামী দিনে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যুবদল রাজপথে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সাধারণ মানুষের অধিকার আদায়ে সব নেতাকর্মীকে একসাথে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষভাগে দেশ ও জাতির কল্যাণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল আলম মাসুদ
মোবাইল : 01400420172
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: নতুন দক্ষিনপাড়া, কমিশনার মোড় ধামরাই, ঢাকা-১৩৫০
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক তথ্য সন্ধান