
নিজস্ব প্রতিনিধি, নাজমুল আলম মাসুদ।
মানিকগঞ্জ কৈতোরা বাজার সংলগ্ন ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে। কৈতোরা গ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিন ফসলি জমির মাটি সাবাড় করছেন রিপন,চান মিয়া ও আক্কাস মেম্বার নামের এই ব্যক্তিরা। এতে হুমকির মুখে পড়ছে শত শত বিঘা আবাদি জমি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,এলাকায় বিশাল ভেকু দিয়ে ফসলি জমির বুক চিরে গভীর করে কাটা হচ্ছে মাটি। সেই মাটি ড্রাম ট্রাকে করে চলে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রিপন গংরা কারোর তোয়াক্কা না করেই দিন-রাত সমানতালে মাটি বিক্রি করে চলেছেন। মাটি কাটার ফলে পাশের জমিগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। শুধু তাই নয়, ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে গ্রামের রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,রিপন গংদেরকে নিষেধ করেও কোনো লাভ হচ্ছে না। বরং মাটি কাটায় বাধা দিলে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। আবাদি জমি রক্ষায় তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ফসলি জমির উপরিভাগের মাটি কাটা আইনত নিষিদ্ধ হলেও, কৈতোরা গ্রামে যেন দেখার কেউ নেই। কৃষি জমি রক্ষা এবং এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে মানিকগঞ্জের প্রশাসন ও পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয় ভুক্তভোগী কৃষকদের।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 








