​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে রাশেদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​রোববার (৭ জুন) বিকেলে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকার একটি খেলার মাঠে এই ঘটনা ঘটে।

​নিহত রাশেদুল ইসলাম গাওতারা গ্রামের আক্কাস আলীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রীর সহকারী (যোগালি) হিসেবে কাজ করত।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সারাদিন কাজ শেষে বিকেলে বন্ধুদের সাথে স্থানীয় গাওতারা মাঠে ফুটবল খেলতে যায় রাশেদুল। খেলা চলাকালীন সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

​পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ও বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে কাওয়ালীপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাশেদুলকে মৃত ঘোষণা করেন।

​এদিকে রাজমিস্ত্রী সহকারী হিসেবে কাজ করা এই কিশোরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গাওতারা গ্রাম ও তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।