আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিনের সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ধামরাই উপজেলার ১ নং চৌহাট ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে দক্ষিণ চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ তমিজ উদ্দিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ধামরাইয়ের মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য শহিদ জিয়ার আদর্শ বুকে নিয়ে আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা এই জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন ধামরাই হিসেবে গড়ে তুলব।

এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। পথসভাটি মূলত ৮ ও ৯ নং ওয়ার্ডের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি জনসমুদ্রে পরিণত হয়।

​বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঢাকা-২০ আসনের ভোটাররা তমিজ উদ্দিনকে ভোট দিয়ে জয়যুক্ত করতে উন্মুখ হয়ে আছেন। এ সময় নেতা-কর্মীরা ধানের শীষ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
​পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।