নিজস্ব প্রতিনিধি,নাজমুল আলম মাসুদ
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাস স্ট্যান্ড সংলগ্ন আলাদিন হাসপাতালের সামনের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে স্থানীয়রা ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা আলাদিন হাসপাতালের সামনের নিচু জমিতে বা ডোবায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে নিথর দেহ দেখে তারা নিশ্চিত হন যে ব্যক্তিটি মৃত। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
পুলিশের বক্তব্য, প্রাথমিক অবস্থায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে নিহতের পর লাশটি এখানে ফেলে রাখা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককের মরদেহ ৫-৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। তবে মরদেহ পচে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতে চিহ্ন রয়েছে কি না তা বুঝা যাচ্ছে না। ওই যুবককে কিভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এলাকায় আতঙ্ক
ব্যস্ততম মহাসড়কের পাশে দিনের আলোতে লাশ পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধী জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।