স্টাফ রিপোর্টার, মিজানুর রহমান

​ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় সেলফি বাস ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভারব্যান চালক নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে ফলসাটিয়া বাসস্ট্যান্ড থেকে আনুমানিক ২০০ গজ পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি সেলফি পরিবহন বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভারভ্যানের মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে কাভারভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাভারভ্যান চালক নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
​উদ্ধার অভিযান ও যানজট
​দুর্ঘটনার খবর পেয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়, যা পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।

​পুলিশের বক্তব্য,আমরা ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত কাভারভ্যানটি জব্দ করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

​স্থানীয় বাসিন্দারা জানান, সেলফি পরিবহনের বেপরোয়া গতির কারণে এই মহাসড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। তারা মহাসড়কে গতিরোধক ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।