নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।
ঢাকার ধামরাইয়ে অবৈধ মাটি ব্যবসায়ীদের (মাটিখেকো) হামলায় একটি সরকারি সেচ প্রকল্প বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার ডেমরান এলাকায় কয়েকশ বিঘা তিন ফসলি জমি এখন সেচ সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় এবং তাদের চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় ভূমিদস্যুরা এই হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের ডেমরান এলাকায় বিএডিসি-র (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) একটি গভীর নলকূপের মাধ্যমে কয়েকশ একর জমিতে সেচ কাজ পরিচালিত হতো। সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী মাটিখেকো চক্র তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা শুরু করে। মাটির ট্রাক চলাচলের কারণে সেচ নালা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রকল্পের ভেতরে অবৈধ অনুপ্রবেশে বাধা দেওয়ায় গত রাতে সন্ত্রাসীরা সেচ প্রকল্পে হামলা চালায়।
হামলায় প্রকল্পের ম্যানেজার আনোয়ার হোসেন এবং চালক আতাউর রহমানকে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা পাম্প হাউসে ভাঙচুর চালায় এবং প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায় যে, তাদের মাটির গাড়ি চলাচলে বাধা দিলে বা সেচ প্রকল্প চালু রাখলে প্রাণনাশের ঘটনা ঘটবে। প্রাণের ভয়ে বর্তমানে প্রকল্পটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, বর্তমানে বোরো মৌসুমের ভরা সময়। এই সময়ে জমিতে পানি দিতে না পারলে ফসল পুড়ে ছাই হয়ে যাবে। স্থানীয় এক কৃষক বলেন, মাটিখেকোরা জোর করে আমাদের জমি থেকে মাটি নিতে চায়। তাদের বাধা দেওয়ায় এখন আমাদের পানির লাইন বন্ধ করে দিয়েছে। আমরা এখন কই যাব।
এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকারি কাজে বাধা প্রদান এবং কৃষকদের স্বার্থে আঘাত হানার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সেচ প্রকল্প পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন তিনি।