নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।
ঢাকার ধামরাইয়ের পশ্চিম লাকুরিয়া পাড়ায় এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করেছে পুলিশ। মাত্র দুই দিনের মাথায় ঘাতককে গ্রেফতারসহ উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল।
আজ শনিবার ২৫শে এপ্রিল সকাল ১১ ঘটিকায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ধামরাই থানা পুলিশ জানায়, ঘাতকের নাম শামীম স্বপন। নাহিদা হত্যার প্রধান ও একমাত্র অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে রক্তমাখা সেই শিলনোড়া এবং বাসা থেকে অন্যান্য সরঞ্জাম।
পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। আসামি শামীম স্বপন জবানবন্দিতে স্বীকার করেছে, সে ভয়াবহভাবে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়ার টাকার জোগান দিতে এবং ঋণের বোঝা সরাতে সে চুরির পরিকল্পনা করে। চুরি করতে গিয়ে চিনে ফেলায় মেধাবী শিক্ষার্থী নাহিদাকে অত্যন্ত নির্মমভাবে গলা কেটে হত্যা করে।
ধামরাই থানা পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে এবং দ্রুততম সময়ে চার্জশিট জমা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।অনলাইন জুয়ার নেশা কেড়ে নিল একটি তাজা প্রাণ, ধ্বংস করল একটি সাজানো সংসার।