নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার (৬ মে) দুপুরে জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং জামায়াত-সমর্থিত জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্ধারিত সময়ের চেয়ে ১৯ মিনিট দেরিতে মনোনয়ন জমা দেওয়ায় শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা গ্রহণ করেননি। পরবর্তীতে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং আদালতের নির্দেশে তার মনোনয়ন বৈধ ঘোষিত হয়। গত সোমবার (৪ মে) নির্বাচন কমিশন তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের সবকটির নির্বাচন ও শপথ প্রক্রিয়া সম্পন্ন হলো।
জুলাই অভ্যুত্থানের অন্যতম সক্রিয় মুখ নুসরাত তাবাসসুম ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তিনি গণমাধ্যমের কাছে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।