ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ
ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মিশুক কুমার দত্ত, ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, বাইশাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন বলেন, ধামরাইয়ের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই জনগণের স্বার্থে এবং এলাকার উন্নয়নে আমি কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, নতুন ভবন নির্মিত হলে বাইশাকান্দা ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত হবে।








