
নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।
ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা বাতুলি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালিথা বাতুলি এলাকায় ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস শুভ বসুন্ধরা এবং বিপরীত দিক থেকে আসা আরিচাগামী এইচ আর ট্রাভেলস পরিবহনের একটি বাসের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি বাসেরই সম্মুখভাগ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ও চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 









