
নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-২০ (ধামরাই) আসনের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলার ১৪৭টি ভোটকেন্দ্রে ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ করেন। প্রিসাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় ট্রাক ও অন্যান্য যানবাহনে করে নির্বাচনী মালামাল কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।নিরাপত্তার চাদরে ধামরাইনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুরো ধামরাই উপজেলাকে কঠোর নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যমতে,
১৪৭টি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলো। মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের একাধিক টিম। নির্বাচনী অপরাধ দমনে নিয়োজিত রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ।
এক নজরে ঢাকা-২০ আসন
ঢাকা জেলার ধামরাই উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার মোট ভোটার সংখ্যা ৩,৭৬,৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮৭,৮৩৫ জন এবং নারী ভোটার ১,৮৮,৮০২ জন। হিজড়া ভোটার রয়েছেন ২ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবীব জানিয়েছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে।পুলিশের সদস্যরা বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন এবং প্রিসাইটিং অফিসারদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় বিতরণ কেন্দ্রে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 











