
নিজস্ব প্রতিবেদন, নাজমুল আলম মাসুদ।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকার ধামরাই পৌরসভাজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দিনব্যাপী ধামরাই পৌরসভার কালিয়াগাড় ও পাঠানটোলাসহ বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বজ্রপাত নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব তালগাছসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি সম্পর্কে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে জাতীয় প্রতিশ্রুতি রয়েছে, সেটিকে বেগবান করতে এবং ধামরাইকে একটি সবুজ অঞ্চল হিসেবে গড়ে তুলতেই আমাদের এই সবুজায়ন উদ্যোগ। জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এবং বিলুপ্তপ্রায় দেশীয় গাছগুলোকে আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখাই আমাদের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, তারা কেবল চারা রোপণ করেই ক্ষান্ত হবেন না, বরং প্রতিটি চারা গাছ যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণেরও বিশেষ ব্যবস্থা নিয়েছেন। পর্যায়ক্রমে ধামরাইয়ের পাশাপাশি ঢাকা জেলার প্রতিটি এলাকায় এই পরিবেশবান্ধব কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা জেলা ও ধামরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 









