
স্টাফ রিপোর্টার, মিজানুর রহমান
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় সেলফি বাস ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভারব্যান চালক নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে ফলসাটিয়া বাসস্ট্যান্ড থেকে আনুমানিক ২০০ গজ পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি সেলফি পরিবহন বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভারভ্যানের মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে কাভারভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাভারভ্যান চালক নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
উদ্ধার অভিযান ও যানজট
দুর্ঘটনার খবর পেয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়, যা পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।
পুলিশের বক্তব্য,আমরা ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত কাভারভ্যানটি জব্দ করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেলফি পরিবহনের বেপরোয়া গতির কারণে এই মহাসড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। তারা মহাসড়কে গতিরোধক ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

স্টাফ রিপোর্টার, মিজানুর রহমান 











