নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সাভার সফর। প্রধানমন্ত্রী বেলা ১০টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। এরপর তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সে সময় প্রধানমন্ত্রীর সাথে তাঁর নবগঠিত মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ চত্বরে একটি পারিজাত ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রার সংকল্প ব্যক্ত করেন এবং শহীদদের আকাঙ্ক্ষার একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
স্মৃতিসৌধের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সরাসরি সচিবালয়ে তাঁর কার্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং সিনিয়র সচিবদের সাথে মতবিনিময় সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।স্মৃতিসৌধ এলাকায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 








