
নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৬ মে ২০২৬) সকাল আনুমানিক ০৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী পদ্মা স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা স্বপ্ন পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসের চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন। স্বপ্ন পরিবহনের যাত্রীরা মূলত একটি পোশাক কারখানার (গ্রাফিক্স টেক্সটাইল) কর্মচারী ছিলেন এবং তারাই বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতায় স্বপ্ন পরিবহনের চালক গাড়ির ভেতরেই আটকা পড়েন।খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যান্য আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।যান চলাচল স্বাভাবিকদুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের ওই অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নিলে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 










